পবিত্র হজ শেষে দেশে ফেরা শুরু হাজিদের

চলতি বছরের হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইটে (হজ ফ্লাইট বিজি৩৩২) ৪১৮ জন হাজি নিয়ে আজ ৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ০৭:১৫টায় ঢাকায় এসে পৌঁছেছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে হাজিগণকে জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিগণ ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না।
এয়ারলাইন্স এর পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্স এর মাধ্যমে দেশে আগত হাজিগণকেও জমজমের পবিত্র পানি সরবরাহ করছে বিমান।
এদিকে, ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, রবিবার (২ জুলাই) শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৩২) স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।
সর্বশেষ সাতটি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, সৌদি এয়ারলাইন্স দুটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করে।
রবিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জেদ্দা থেকে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইট ৩৩৩ জন যাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট হিসেবে ঢাকায় অবতরণ করে।
এবার বাংলাদেশ থেকে হজ করতে গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী। তাদের সৌদিতে পৌঁছে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান, সৌদি আরবের এয়ারলাইন্স সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার।
এই ৩টি এয়ারলাইনসে মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।আগামী ২ আগস্ট হাজীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।
-B










