ঢাকায় শুরু হলো ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

করোনা মহামারীর কারনে দীর্ঘ ২বছর বিরতির পর আজ (২ জুন) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে শুরু হলো ৩ দিনব্যাপী ১৭ তম আন্তর্জাতিক পর্যটন মেলা- ঢাকা ট্রাভেল মার্ট-২০২২।
ট্রিপ লাভার ঢাকা ট্রাভেল মার্ট শীর্ষক পর্যটন মেলাটির আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম এবং সম্মানীত অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ জসীম উদ্দীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রিপ লাভারের মহাব্যবস্থাপক ও হেড অফ অপারেশন্স নিশা তাসনীম শেখ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আলী কদর এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবু তাহির মোঃ জাবের।
মেলা উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, আমি চাই দীর্ঘদিন পর পর্যটন মেলা আয়োজনের এই মহতী উদ্যোগ সফল হোক, স্বার্থক হোক। আমি এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে। আমি যে দেশেই যাই, সেই দেশে মেট্রোরেল দেখি। আমাদের দেশের মেট্রোরেল সব দেশ থেকে উন্নত অত্যাধুনিকভাবে তৈরি করেছে জাপানের ইঞ্জিনিয়াররা। ডালাসের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। বিমানবন্দরের টার্মিনাল হচ্ছে, কক্সবাজারের সমুদ্র ছুঁয়ে রানওয়েতে নামবে প্লেন। কাজগুলো আস্তে আস্তে হচ্ছে। এই অর্জনগুলো দেশের পর্যটন শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমি মনে করি।
অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে এবং দেশের পর্যটন শিল্প বিকাশে মেলার ভূমিকা তুলে ধরে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “করোনা মহামারীতে বিপর্যস্ত ভ্রমণ ও পর্যটন খাতের পুনরুজ্জীবনে গতি আনাই আমাদের মূল লক্ষ্য।
আমরা এমন একটি প্ল্যাটফর্ম প্রদানের চেষ্টা করেছি যেখানে বিক্রেতারা তাদের পন্য ও সেবার প্রচার করতে পারবেন, এবং ক্রেতারা তাদের পছন্দের সেবাটি সরাসরি নেয়ার সূযোগ পাবেন। এই মেলাটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধ তৈরী করবে বলে মনে করি”।
ওয়াহিদুল আলম জানান, এবারের মেলায় প্রায় ৫০টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সী, অনলাইন ট্রাভেল এজেন্সী, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং অন্যান্য।
অংশগ্রহণকারীরা মেলা চলাকালীন ডিসকাউন্টসহ বিভিন্ন আকর্ষণীয় অফার প্রদান করবে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউএস-বাংলা এয়ারলাইন কর্তৃক তাদের সকল দেশী-বিদেশী গন্তব্যে ভ্রমণের জন্য এয়ার টিকিটের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট এবং কক্সবাজার ভ্রমণকারীদের জন্য সৌজন্যমূলক হোটেল রুম। মেলার এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট আন্তর্জাতিক রুটে এয়ার টিকিটের ওপর ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।
৩ দিনব্যাপী পর্যটন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০টাকা। প্রবেশ কুপনের ওপরে সমাপনী দিনে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, সারজাহ, দুবাই, দিল্লী, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ণ টিকেটসহ আকর্ষণীয় অন্যান্য পুরষ্কার।
ঢাকা ট্রাভেল মার্ট চলাকালীন ৪জুন বিকেল ৩:৩০টায় সোনারগাঁ হোটেলে ‘আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ফ্লাই ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ এমপি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেহ মোস্তাফা কামাল, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, এয়ার এস্ট্রার ব্যবস্থাপনা পরিচালক ইমরান আসিফ এবং ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী ট্রিপ লাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
-B










