গভীয় শ্রদ্ধায় বিমানের জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে শোক দিবসের প্রচার, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বহির্গমন ও আগমনী ফ্লাইটে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করে সংস্থাটি। এছাড়া বিমানের প্রধান কার্যালয়, মতিঝিল বিক্রয় অফিসসহ বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শোক ব্যানার টানানো হয়।
এছাড়াও সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বেলা ১১টায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন, বিমানের কর্মকর্তা-কর্মচারী ও বিমানের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে বিমানের সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
-B










