বঙ্গবন্ধু টানেল: দ্বার খুলছে আগামীকাল, যান চলবে রবিবার

আগামীকাল চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে । পতেঙ্গা প্রান্তে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর আনোয়ারা প্রান্তে কোরিয়ান ইপিজেডের মাঠে হবে জনসভা। যান চলাচলের জন্য টানেল খুলে দেয়া হবে রোববার সকাল ৬টা থেকে। ঢাকায় সেতু ভবনে গতকাল সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
টানেলের সার্বিক দিক তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দুই টিউববিশিষ্ট চার লেনের টানেল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৬১৯ কোটি ৭০ লাখ এবং বাকি ৬ হাজার ৭০ কোটি টাকা চায়না এক্সিম ব্যাংকের ঋণসহায়তা। প্রকল্পের অ্যালাইনমেন্ট পতেঙ্গা প্রান্ত, চট্টগ্রাম বিমানবন্দর থেকে কর্ণফুলী নদীর দুই কিলোমিটার ভাটিতে। আর টানেলের আনোয়ারা প্রান্ত আনোয়ারা উপজেলার কাফকো সার কারখানার কাছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ছিল চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, টানেল নির্মাণে বাণিজ্যিক চুক্তি হয় ২০১৫ সালের ৩০ জুন। পরের বছরের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। টানেলের বোরিং কাজ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পের মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার হলেও মূল টানেলটি ৩ দশমিক ৩১৫ কিলোমিটার। ব্রিজ-ভায়াডাক্টের দৈর্ঘ্য ৭২৭ মিটার (আনোয়ারা প্রান্তে), অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৫ দশমিক ৩৫ কিলোমিটার, টোল প্লাজার দৈর্ঘ্য ৭ হাজার ৬০০ বর্গমিটার, আন্ডারপাস ছয়টি (আনোয়ারা প্রান্তে পাঁচটি ও পতেঙ্গা প্রান্তে একটি), কালভার্ট ১২টি, সার্ভিস এরিয়ার ৩০টি বাংলো, একটি ভিআইপি বাংলোসহ মোটেল মেস, হেলনা সেন্টার, কনভেনশন সেন্টার, জাদুঘর, সুইমিংপুল, ব্রিজ, মসজিদ ও অভ্যন্তরীণ রাস্তা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তবে প্রকল্পের মূল উদ্দেশ্য এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন, কর্ণফুলী নদীর উভয় পাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চীনের সাংহাই শহরের মতো চট্টগ্রামকে ‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেলে গড়ে তোলা।
এদিকে টানেল উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম জেলা পরিষদের পাঁচটি প্রকল্প রয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এটিএম পেয়ারুল ইসলাম জানান, উদ্বোধন হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে ১৮ তলা জেলা পরিষদ টাওয়ার, ২০ কোটি টাকা ব্যয়ে এক হাজার আসনবিশিষ্ট পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স, ৭ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে রাউজানে শেখ কামাল কমপ্লেক্স এবং ৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো।
-B










