জ্বলছে বঙ্গবাজার - হাতিরঝিল থেকে পানি নিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভোর ৬টার দিকে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজারে। বেলা ১১টা পর্যন্ত ৫ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম। পুলিশ ও র্যাব আশপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণ করতে পানি সংকট দেখা দিয়েছে ফায়ার সার্ভিসের। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। হাতিরঝিল থেকে পানি নিয়ে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার। সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারকে হাতিরঝিল থেকে পানি নিতে দেখা যায়। অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে ৭টি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।
এদিকে, ঈদের আগে সব হারিয়ে ঘটনাস্থলের আশপাশের রাস্তায় চলছে ব্যবসায়ীদের আহাজারি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
-B










