শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানে তিন ধাপ উন্নতি হয়েছে। গত সূচকের ১০৪তম অবস্থান থেকে এবারে বাংলাদেশের অবস্থান ১০১তম। এ অবস্থানে যৌথভাবে লিবিয়া ও কসোভোও রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ এ সূচক প্রকাশ করে।
মঙ্গলবার (১০ জানুয়ারী)বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এতে মোট ১০৯টি স্থান নির্ধারণ করা হয়েছে।
পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে এ সূচক প্রকাশ করে ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। গত ১৮ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে র্যাংকিং প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। প্রতি তিন মাস অন্তর এ সূচক প্রকাশ করা হয়।
এবারের সূচক অনুযায়ী বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল (১০৩তম), পাকিস্তান (১০৬তম) ও আফগানিস্তানের (১০৯তম)
তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। তবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৬১তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
বাংলাদেশের প্রতিবেশী ভারতের পাসপোর্টের অবস্থান ৮৫তম। দেশটির নাগরিকরা বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
সূচকে গত বছরের মতো শীর্ষে রয়েছে জাপান। এ দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সূচকের দ্বিতীয় স্থানে রয়েছে। এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। যৌথভাবে সূচকের তৃতীয় স্থানে আছে জার্মানি ও স্পেন। এ দুদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
-B










