দুর্বল পাসপোর্টের তালিকায় একই অবস্থানে বাংলাদেশ-ফিলিস্তিন

ঢাকাঃ বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। এ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের। আর বাংলাদেশী পাসপোর্টধারীরা এ সুবিধা পায় ৪০টি দেশে। সমানসংখ্যক দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছে ফিলিস্তিন টেরিটরির পাসপোর্টধারীরা। এ হিসেবে বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় অভিন্ন অবস্থানে রয়েছে ফিলিস্তিন ও বাংলাদেশ।
একটি দেশের পাসপোর্টধারীরা বিশ্বের অন্য কয়টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাচ্ছে, তার ভিত্তিতে নিয়মিতভাবে প্রতি বছর পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করছে পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। চলতি বছরের সূচক নিয়ে করা হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৪ প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৩ জুলাই )। ১৯৯ দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণের ভিত্তিতে করা রাঙ্কিংয়ে এবার বাংলাদেশ ও ফিলিস্তিনের অবস্থান এসেছে ৯৭তম। সূচকটি তৈরিতে সংশ্লিষ্ট দেশগুলোর পাসপোর্টের গত ১৯ বছরের শক্তিমত্তার ইতিহাসও গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায় আফ্রিকার দেশগুলোয়। মহাদেশটির অন্তত ১৫টি দেশে বাংলাদেশীদের ভ্রমণের সুযোগ রয়েছে। তবে এর মধ্যে বেশ কয়েকটি দেশ পর্যটনের জন্য ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয়তা পেলেও বাংলাদেশীরা এসব দেশে খুব কম ভ্রমণ করেন। দেশগুলো হলো বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া ও টোগো।
হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ২০২৪ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। পরের স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। এ দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে। তৃতীয় অবস্থানে থাকা পাসপোর্টগুলো অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পায় ১৯১ দেশে।
সূচকে চতুর্থ অবস্থানের দেশগুলো হলো বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০ দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারে। পঞ্চম অবস্থানে থাকা অস্ট্রেলিয়া ও পতুর্গালের পাসপোর্টধারীরা এ সুবিধা পায় ১৮৯ দেশে।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের স্থান ৫২তম। দেশটির পাসপোর্টধারীরা ৯৪ দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে। তালিকায় ভারতের স্থান ৮২তম। দেশটির পাসপোর্টধারীরা এ সুবিধা পায় ৫৮ দেশে। ৮৭তম অবস্থানে থাকা ভুটানের পাসপোর্টধারীদের এমন সুযোগ রয়েছে ৫২ দেশে। শ্রীলংকার স্থান ৯৩তম। দেশটির পাসপোর্টধারীরা ৪৪ দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে।
৪০টির কম দেশে ভিসা বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশাধিকার রয়েছে এমন দেশের তালিকায় রয়েছে লিবিয়া, নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। এর মধ্যে লিবিয়া ও নেপালের পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে। ৩৫টি দেশে এ সুবিধা পায় সোমালিয়ার পাসপোর্টধারীরা। পাকিস্তান ও ইয়েমেনের পাসপোর্টধারীদের জন্য এমন সুযোগ রয়েছে ৩৩টি দেশে। ইরাকের পাসপোর্টধারীরা ৩১টি, সিরিয়ার পাসপোর্টধারীরা ২৮ ও আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৬টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে।
-B










