শীঘ্রই বাংলাদেশ, সু্ইজারল্যান্ডের মধ্যে সরাসরি ফ্লাইট

ঢাকাঃ বাংলাদেশ ও সু্ইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের নিমিত্তে একটি দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়া চুড়ান্ত করণের নিমিত্ত্বে ৪-৫ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সু্ইজারল্যান্ড পক্ষের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন Laurent Noel, Lead Negotiator, Air Services Agreements, Federal Office of Civil Aviation এবং বাংলাদেশ পক্ষের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, চেয়ারম্যান, বেবিচক।
বাংলাদেশ প্রতিনিধি দলে বেবিচকের আরও উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএএস বাংলা ও নভোএয়ার-এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনান্তে খসড়া চুক্তি চুড়ান্ত স্বাক্ষরের নিমিত্তে চুক্তির টেক্সট-এ উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তিটি চুড়ান্ত স্বাক্ষরের জন্য উভয় দেশ উদ্যোগ গ্রহণ করার আগ্রহ ব্যক্ত করে সভায় একটি সম্মত-কার্যবিবরনীও স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিটি চুড়ান্তভাবে স্বাক্ষরিত হলে বাংলাদেশের জন্য ইউরোপের একটি নতুন ও সরাসরি আকাশ পথ উম্মুক্ত হবে। যাত্রীগণের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সু্ইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের এবং আকাশ পথে পণ্য পরিবহনের আরো একটি ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে ।
- T










