সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা বায়রার

সিন্ডিকেট কিংবা বেসরকারি প্রতিষ্ঠান 'শাপলা সেন্টারের' মাধ্যমে সৌদি সরকার বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট জমা নেয়া এবং ভিসা প্রক্রিয়া বন্ধ না করা পর্যন্ত ঢাকায় দেশটির দূতাবাসে সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন (বায়রা)।
শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সভায় এ কথা জানান বায়রা সভাপতি মো. আবুল বাসার।
রোববার (১৬ অক্টোবর) থেকে এ ঘোষণা কার্যকর হবে বলেও জানান তিনি। এছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রেও সব সিন্ডিকেট বন্ধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বায়রা সভাপতি বলেন, সৌদিগামী বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির দূতাবাস। এর প্রতিবাদে রোববার থেকে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেয়া বন্ধ রাখা হবে। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবেন না।
আবুল বাসার বলেন, ‘শাপলা সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করে আবার আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানসহ বায়রার কার্যনির্বাহী কমিটির সদস্য ও রিক্রুটিং এজেন্সির মালিকরা।
প্রসঙ্গত, সৌদি দূতাবাস থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়, শনিবার (১৫ অক্টোবর) থেকে শাপলা সেন্টার নামক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের পাসপোর্ট জমা নেয়া হবে। এ তারিখের পর রিক্রুটিং এজেন্টের কাছ থেকে সরাসরি কোনো পাসপোর্ট নেয়া হবে না।
-B










