ভোমরা স্থলবন্দর - ৪ বছরে ভ্রমণ কর আহরণ ৩০ কোটি টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে গত ৪ বছরে প্রায় ৩০ কোটি টাকার ভ্রমণ কর আহরণ করা হয়েছে। ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ পর্যন্ত এসব বাংলাদেশী ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা, শিক্ষাসহ বিভিন্ন কাজে ভারতে গেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, গত ৪ বছরে পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ২৯ কোটি ৯০ লাখ ২ হাজার টাকা ভ্রমণ কর আদায় হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৯৩৭ যাত্রী পারাপার করেছে। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ২৭৫ যাত্রী বাংলাদেশ থেকে ভারতে এবং ১ লাখ ৬৩ হাজার ৬৬২ যাত্রী ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ অর্থবছরে ভ্রমণ খাত থেকে রাজস্ব আসে ৯ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরে এ স্থলবন্দর দিয়ে ৪৬ হাজার ৫০০ যাত্রী গমন করে। এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ২৪ হাজার ৩৭৯ যাত্রী এবং ভারত থেকে বাংলাদেশে আসে ২২ হাজার ১২১ জন যাত্রী। এ অর্থবছরে ভ্রমণ খাত থেকে রাজস্ব আসে ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
তবে ২০২০-২১ অর্থবছরে করোনার প্রভাবে ভোমরা স্থলবন্দরে যাত্রী যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকায় কোনো রাজস্ব আয় হয়নি। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ যাত্রী। ভারত থেকে বাংলাদেশ আসে ১ লাখ ৩ হাজার ৮৬৯ যাত্রী। এ অর্থবছরে সরকার ৭ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ভ্রমণকর আদায় করতে সক্ষম হয়।
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ২ লাখ ৫ হাজার ৩৭৬ যাত্রী। একই অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ আসে ১ লাখ ৫৮ হাজার ৭৫২ যাত্রী। এ অর্থবছরে ভ্রমণ খাত থেকে রাজস্ব আসে ১০ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণ কর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
ভোমরা শুল্ক স্টেশন কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, কলকাতার সঙ্গে ভোমরা বন্দরের যোগাযোগ ব্যবস্থা ভালো। কাস্টমসের পক্ষ থেকে যাত্রীদের ভালো সেবা দেয়ার চেষ্টা করা হয়। ফলে পাসপোর্টধারী যাত্রী বাড়ছে।
-B










