ঢাকা-বরিশাল রুটে বাড়লো বিমান ভাড়া

বেসরকারি এয়ারলাইনসগুলো ঢাকা-বরিশাল রুটে ভাড়া কমালেও বাড়িয়েছে দেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বিমান। এতে বিমানের যাত্রী কমার শঙ্কা করছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের বরিশাল জেলা ব্যবস্থাপক চাঁদ আলী বাংলাদেশ মনিটরকে বলেন, ভাড়া বাড়ানোর বিষয়টি একটি ব্যবসায়িক পলিসি। এটা সম্পূর্ণই বিমান কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা বেগমের সাথে এ বিষয়ে জানতে মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১ মার্চ) থেকে আবারও সপ্তাহে ৩দিন ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২ হাজার ৮০০ টাকা। ইউএস-বাংলা ৩ হাজার ৫০০ টাকা থেকে ভাড়া কমিয়ে ৩ হাজার টাকা নির্ধারণ করেছে। সেখানে উল্টো পথে হেঁটে ৩ হাজার টাকার ভাড়া ২০০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০০ টাকা নেওয়ার ঘোষণা দিয়েছে বিমান।
নভোএয়ারের একজন কর্মকর্তা বলেন, নানা দিক হিসাব করেই ঢাকা-বরিশাল রুটে ফিরেছে নভোএয়ার। পরিস্থিতি অনুকূলে থাকলে দৈনিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত আসতে পারে।’
-B










