বিমানের চেন্নাই ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশিদের চিকিৎসাসেবার সুবিধার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে বিমান।
তবে পরবর্তী সময়ে তা বাড়বে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি - সেন্টমার্টিনে ৩ শতাধিক পর্যটক আটকা
তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বর থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করব। এটি বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট। এ কারণেই আমরা ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, ফ্লাইটটি সপ্তাহে তিন দিন সোম, বৃহস্পতি ও শনিবার পরিচালিত হবে।
বিমানের শীর্ষ নির্বাহী বলেন, এটি জাতীয় পতাকাবাহী সংস্থাটির রুট সম্প্রসারণ পরিকল্পনার একটি অংশ। কারণ বিমান সম্প্রতি জাপানের নারিতায়ও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া এটি চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বিমানের এমডি বলেন, ‘আমরা আগামী মাসের মধ্যে ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইটকে বর্তমান তিনটি সাপ্তাহিক ফ্লাইট থেকে বাড়িয়ে পাঁচটি সাপ্তাহিক ফ্লাইট করব।’
রবিবার (১৯ নভেম্বর)থেকে বিমান ঢাকা-চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন এয়ারলাইনসের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।
বর্তমানে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ভারতীয় একাধিক সংস্থা ভায়া কলকাতা হয়ে চেন্নাই রুটে ফ্লাইট চালাচ্ছে।
-B










