বিমানের সার্ভার হ্যাক হলেও চাঁদা চাওয়া হয়নি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার হ্যাক করা হলেও কেউ চাঁদা দাবি করেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘হ্যাকাররা সার্ভারের ভেতরে ঢুকতে পারেনি, তথ্য নিতে পারেনি। তাই বিমানের কার্যক্রমেও কোনো ক্ষতি হয়নি।’
রবিবার (২৬ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘মুজিবের বাংলাদেশ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
সার্ভার সুরক্ষায় গাফিলতি ছিল কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘গাফিলতি না থাকলে এমনটা হতো না। কোথাও না কোথাও তো সেটা থাকবেই। এ নিয়ে সাইবার নিরাপত্তাসহ আমাদের দুটি বিশেষজ্ঞ দল সার্ভার পরিদর্শনসহ কাজ করছে। কাজ শেষে তারা বিস্তারিত বলতে পারবে।’
মো. মাহবুব আলী বলেন, ‘বিমানের ফ্লাইট বিশ্বের বড় বড় বিমানবন্দরে যাবে। সেজন্য বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধি করছি। বিমানের বহরে অত্যাধুনিক উড়োজাহাজগুলো যোগ হবে।’
‘মুজিবের বাংলাদেশ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. মাহবুব আলী। অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও মুজিব শতবর্ষ উপলক্ষে গঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, ‘সারা পৃথিবী জানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দু-চারজন না জানলে কিছু করার নেই। সবাই মিলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে।’
-B










