ঈদে দেশে আগত প্রবাসীদের বিশেষ সেবা দেওয়ার অনুরোধ বিএমইটির
পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। দেশে আসা প্রবাসীদের বিশেষ সেবা দিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।
সোমবার (১৭ এপ্রিল) দেশে ফেরা প্রবাসীদের বিশেষ সেবা দেওয়ার অনুরোধ জানিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে চিঠি দেয় বিএমইটি।
বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘দেশব্যাপী চলমান দাবদাহের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার প্রবাসী দেশে ছুটিতে আসছেন। অভিবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রেক্ষাপটে প্রত্যাগত কর্মীগণকে নিরাপদে বাড়ি ফিরতে পারার আনন্দ দিতে বিমানবন্দর থেকে দেওয়া সকল সেবা সহজীকরণের মাধ্যমে দায়িত্বে নিয়োজিত সকলকে বিশেষ সেবাদানের জন্য অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।’
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা-কর্মচারীদেরও এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমসকেও চিঠি দিয়েছে বিএমইটি।
এ ছাড়া বুধবার (১৯ এপ্রিল) বিমানবন্দর পরিদর্শন ও প্রত্যাগত কর্মীদের ঈদের শুভেচ্ছা জানাবেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং বিএমইটি মহাপরিচালক।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রতিনিয়তই কাজ চলছে। ঈদের ছুটিতে দেশে আসা প্রত্যেক প্রবাসীই স্বজনদের জন্য উপহার আনেন। কোনো যাত্রীর লাগেজ যাতে মিসিং না হয় সে জন্য এয়ারলাইনসগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এপিবিএন, ইমিগ্রেশন এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে বৈঠক হয়েছে।
-B










