আকাশে ফিরল আলাস্কা এয়ারলাইনসের বোয়িং

ওয়াশিংটন ডিসি: আকাশপথে পুনরায় ডানা মেলেছে আলাস্কা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইন উড়োজাহাজ। এর আগে মাঝ আকাশে প্যানেল খুলে পড়লে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এ সংস্করণের একটি উড়োজাহাজ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নির্দেশনা ছিল এ বিষয়ে।
আলাস্কা এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, আলাস্কার উড়োজাহাজগুলোর চূড়ান্ত পরিদর্শন সম্পন্ন হয়েছে। এরপর ২৭ জানুয়ারি বিকালে সিয়াটল থেকে সান দিয়াগোর একটি ফ্লাইটের মাধ্যমে বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইন পুনরায় উড্ডয়ন শুরু করেছে।
এর আগে ২৪ জানুয়ারি এফএএ আলাস্কার প্রযুক্তিবিদদের তদন্ত ও পরিদর্শন প্রক্রিয়ার অনুমোদন দেয়া হয়। এরপর ৫ জানুয়ারি থেকে প্রায় তিন সপ্তাহ পর ওড়ার অনুমতি পায় বোয়িং ম্যাক্স নাইন।
আলাস্কা এয়ারলাইনস জানায়, তারা আশা করছে আগামী সপ্তাহ নাগাদ তাদের প্রাতিষ্ঠানিক তদন্ত পুরোপুরি শেষ হয়ে আসবে। তখন সব উড়োজাহাজ ২৪ ঘণ্টার ফ্লাইট সম্পন্ন করতে পারবে। বর্তমানে নিরাপত্তা প্রক্রিয়া নিশ্চিতের স্বার্থে বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইনের কয়েকটি উড়োজাহাজ দিনে ১২ ঘণ্টার ফ্লাইট সম্পন্ন করছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, তাদের সবক’টি উড়োজাহাজ পরিপূর্ণ পরিদর্শন শেষেই যাত্রী সেবায় ফিরে যাবে।
বোয়িং দুর্ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রেসিডেন্ট ও সিইও স্ট্যান ডিল সম্প্রতি কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, এ মুহূর্তে কোম্পানির লক্ষ্য হলো এয়ারলাইনসগুলোকে পরিচালন পুনরুদ্ধার করতে সহায়তা করা।
৫ জানুয়ারি বোয়িংয়ের একটি উড়োজাহাজের জানালা মাঝ আকাশে খুলে আসার পর এফএএ বিশদ তদন্ত ও পরিদর্শন প্রক্রিয়ার কথা উল্লেখ করে। সে প্রক্রিয়া অনুসরণ ও প্রয়োজনে মেরামত বাধ্যতামূলক করা হয় তখন। পুনরায় উড্ডয়নের আগে আলাস্কা এয়ারলাইনসের ৬৫টি বোয়িং ৭৩৭ ম্যাক্স নাইন উড়োজাহাজের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছিল ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।
২০১৮ ও ২০১৯ সালে দুর্ঘটনার কবলে পড়ে কয়েক দফায় বন্ধ ছিল বোয়িংয়ের উড়োজাহাজ। এ সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ জেটের দুটি দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল প্রতিষ্ঠানটি। যার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে, ব্যাপক দর হারায় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নতুন করে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে বোয়িংকে। আলাস্কা এয়ারলাইনসের ঘটনার পর ১৩ জানুয়ারি নিপ্পন এয়ারলাইনসের একটি চলন্ত বোয়িং ৭৩৭-৮০০-এর জানালায় ফাটল ধরায় তোয়মো বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য ফিরে আসে।
-B










