প্লেনে বোমা - আতঙ্ক ইন্দিরা গান্ধী বিমানবন্দরে
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশানাল বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। পুলিশের তরফে জানানো হয়, মস্কো থেকে দিল্লিগামী এসউই ২৩২ উড়োজাহাজে বোমা রয়েছে। এই খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক দেখা দেয় বিমানবন্দর চত্বরে।
সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়। এয়ারপোর্টে। মোতায়েনকৃত নিরাপত্তারক্ষীরা আরও কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন দিল্লি পুলিশের সিনিয়র কর্মকর্তারা। খবর পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও।
এরপর রাত সাড়ে তিনটা নাগাদ মস্কো থেকে আসা উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটিকে ২৯ নম্বর রানওয়েতে ল্যান্ড করানো হয়। এতে ছিলেন ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু। তাদের সকলকে সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর ওই উড়োজাহাজে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও উড়োজাহাজের ভিতর থেকে কোনও বোমা উদ্ধার হয়নি বলে জানা গেছে।
তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি যে নম্বর থেকে ফোন এসেছিল এবং সেটি কে করেছিল তারও সন্ধান চালাচ্ছে ভারতীয় পুলিশ।
-B










