ভোপালের রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দরে তোলপাড়

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে। সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দরে ইন্ডিগোর টিকিট কাউন্টারে একটি ফোন আসে। ফোনটি ধরেছিলেন সদ্য কাজে যোগ দেওয়া এক তরুণী। তাঁকে ফোনে বলা হয়, আগ্রাগামী বিমানে ‘বালাস্ট’ এর অবস্থা কী? তরুণীর শোনার ভুলে ‘বালাস্ট’ হয়ে যায় ‘ব্লাস্ট’ অর্থাৎ বিস্ফোরণ।
এটা ঘটনা, রেল ও উড়োজাহাজ পরিবহণে ব্যবহৃত হয় ‘বালাস্ট’ শব্দটি। যার অর্থ বাড়তি ওজন। বিমানে প্রয়োজনের তুলনায় কম যাত্রী থাকলে মাঝ আকাশে বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখতে সমস্যা হয় পাইলটের। তাই উড়োজাহাজে অতিরিক্ত ভারি কিছু পণ্য চাপিয়ে ওজন নিয়ন্ত্রণ করা হয়। একেই উড়োজাহাজ পরিবহণে বলা হয় ‘বালাস্ট’। আর ফোনে আগ্রাগামী বিমানে সেই বালাস্টের অবস্থাই জানতে চাওয়া হয়। কিন্তু সদ্য কাজে যোগ দেওয়া তরুণী শোনেন ‘ব্লাস্ট’! এরপর বিস্ফোরণের আশঙ্কার কথা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। জারি হয় জরুরি অবস্থা।
পরে জানা যায় ওই কর্মী ভুল শুনেছিলেন, তখন জরুরি অবস্থা ফিরিয়ে নেন বিমানবন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক হয়ে যায় উড়োজাহাজ পরিষেবা। এই ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
-B










