শাহজালালে প্রায় ২ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেপ্তার

ঢাকাঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনসের এক নারী কেবিন ক্রুকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) রাতে তাকে আটক করা হয়।
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) তথ্যের ভিত্তিতে, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে (৪০) কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ৮ টি স্বর্ণের চুড়ি ও ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যার ওজন সবমিলিয়ে ১,৯৭৯ গ্রাম। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
উদ্ধার অভিযানে কাস্টমস অ্যান্ড এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধার করা স্বর্ণসহ আটক ক্রু বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।
বিস্তারিত বর্ণনায় মোহাম্মদ জিয়াউল হক বলেন, মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেলে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল। তল্লাশি করে রোকেয়া খাতুনের কাছ থেকে ১ কেজি ৯৭৯ গ্রাম ওজন সোনা উদ্ধার করা হয়। এসব সোনা বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
-B










