কলকাতাগামী প্লেনের জরুরি অবতরণ লখনৌতে
লখনৌ থেকে কলকাতাগামী প্লেন উড্ডয়নের সঙ্গে সঙ্গেই বিপত্তি। প্লেনের ডানায় পাখির ধাক্কা। রানওয়ে থেকেই ফিরল প্লেনটি। লখনৌয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে যাত্রীবাহী প্লেনটিকে জরুরি অবতরণ করানো হয়। সকলেই নিরাপদে রয়েছেন। পরে প্লেন কর্তৃপক্ষ যাত্রীদের অন্য প্লেনে কলকাতায় আসার ব্যবস্থা করেছে। তবে এ দুর্ঘটনার জেরে যাত্রা অনেকটা দেরি হওয়ায় সমস্যার মুখে পড়েন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টায় এয়ার এশিয়া সংস্থার একটি প্লেন ১৮০ জন যাত্রী নিয়ে লখনৌ থেকে কলকাতায় উদ্দেশ্যে উড়েছিল। কিন্তু রানওয়েতেই একটি পাখির (Bird hit) সঙ্গে ধাক্কা লাগে। বিপদ বুঝে পাইলট প্লেনের ইঞ্জিন বন্ধ করে ফের ফিরে আসেন বিমানবন্দরে। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে যাত্রী মহলে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিনটি।
লখনৌ বিমানবন্দরের মুখপাত্র রূপেশ কুমার জানিয়েছেন, কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি। তাঁদের নিরাপদেই ওই এয়ার এশিয়ার ওই প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে অন্য প্লেনের ব্যবস্থা করে তাঁদের কলকাতার দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়্ন্ত্রণে রয়েছে বলে জানান মুখপাত্র।
এর আগে গত বছর আকাশ এয়ারলাইনসের একটি বোয়িং প্লেনও এমন বিপত্তির মুখে পড়েছিল। আহমেদবাদ থেকে দিল্লি যাওয়ার সময় মাঝ আকাশে পাখির ধাক্কা খেয়েছিল প্লেনটি। তা প্রায় ১৯ হাজার ফুট উচ্চতা হবে। তার জেরে বোয়িং প্লেনটির ইঞ্জিনটি বেশ ক্ষতির মুখে পড়ে। এবার এয়ার এশিয়া প্লেনটি পাখির ধাক্কা খাওয়ায় ইঞ্জিনের কতটা ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।
-B










