সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে শাহজালালে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ কভার করতে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে প্রায়শ বিড়ম্বনায় পড়তে হয় সাংবাদিকদের। এবার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
ফিরতি ফ্লাইটে দেশে ফেরা হজ যাত্রীদের অভ্যর্থনা জানানোর পর বেবিচক চেয়ারম্যান এ কথা জানান। এর আগে একাধিক সাংবাদিক বিমানবন্দরে গাড়ি পার্কিং করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান।
এম মফিদুর রহমান বলেন, ‘পার্কিং এলাকায় গাড়ি রাখার জন্য একটা জায়গা করে দেব। এটা শুধু ব্রিফিং, সংবাদ সম্মেলন বা ইভেন্টের জন্য প্রযোজ্য হবে।’
হজযাত্রীদের ফেরা নির্বিঘ্ন করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হাজিরা হজ শেষে দেশে আসতে শুরু করেছেন। আপনারা জানেন, ১১৩টি ফ্লাইটে ১ লাখ ১৩ হাজার ৬৬৬ জন হজ পালন করতে গিয়েছেন। আসার পরে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও সব এয়ারলাইনসের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে হাজিদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি। হাজিদের ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ যেন নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থা করেছি।’
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত শুক্রবার (৩০ জুন)। এবার একে একে হাজিদের দেশে ফেরার পালা।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাঁদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।
-B










