গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত

গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
শনিবার (১৬ জুলাই) ইউক্রেনভিত্তিক একটি কোম্পানির দ্বারা পরিচালিত এন্তোনভ-১২ কার্গোটি সার্বিয়া থেকে জর্ডানে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
গ্রিসের ফায়ার ব্রিগেড এবং রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এতে আটজন আরোহী ছিলেন এবং বিমানটিতে ১২ টন মালামাল ছিল।
ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু রানওয়েতে পৌঁছাতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি যখন নিচে নামছিল, ততক্ষণে এটিতে আগুন ধরে যায়। এটি মাটিতে আঘাত করার পরে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় বাসিন্দা গিওরগোস আর্কনটোপোলোস বলেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমানের ইঞ্জিনের শব্দে আমি বিস্মিত হয়েছিলাম। আমি বাইরে গিয়ে দেখি ইঞ্জিনে আগুন লেগেছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দও শুনেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, দমকল বাহিনীর সাতটি ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল। কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, আমরা কার্গোটিকে বিপজ্জনক উপাদান হিসেবে বিবেচনা করছি।
ঘটনাস্থলে গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও তদন্ত করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডান থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
-B










