কভিডের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াচ্ছে ক্যাথে প্যাসিফিক
কভিড-১৯ মহামারীর ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেড। সম্প্রতি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রোনাল্ড লাম এক বিবৃতিতে এমন ইঙ্গিত দেন।
ক্যাথে প্যাসিফিক সিইও বলেন, ‘২০২২ সালের দ্বিতীয়ার্ধে ব্যবসায় আলো দেখে আমরা খুব উৎসাহিত হয়েছিলাম এবং ২০২৩ সালেও এ ইতিবাচক গতি অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘কভিড-১৯ মহামারীর তিনটি কঠিন বছর পর আমরা অবশেষে একটি ভালো জায়গায় পৌঁছেছি।’
রিফিনিটিভের পূর্বাভাস, চলতি বছরে ক্যাথে প্যাসিফিকের মুনাফা হতে পারে ৩৯০ কোটি হংকং ডলার।
চাহিদার অভাবে মহামারী চলাকালীন কঠোর বিধিনিষেধের কবলে বিমান চলাচল স্থবির হয়ে পড়ে ক্যাথে প্যাসিফিকের। এর ফলে তার প্রতিদ্বন্দ্বী সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড এগিয়ে যায়।
উড়োজাহাজ সংস্থাটি জানায়, গত ডিসেম্বরে ৫৮ গন্তব্যে যাত্রী পরিবহন করেছে তারা। যেখানে ২০২২ সালের জানুয়ারিতে যাত্রী পরিবহন করেছিল ২৯টি গন্তব্যে। ২০২৩ সালে মহামারী-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ সক্ষমতা নিয়ে ফ্লাইট পরিচালনা করবে ক্যাথে প্যাসিফিক। ২০২৪ সাল শেষের আগেই পুরো সক্ষমতা নিয়ে কার্যক্রম পরিচালনা করবে উড়োজাহাজ সংস্থাটি।
-B










