চট্টগ্রাম-কুনমিং সরাসরি ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইনস

ঢাকাঃ বাংলাদেশীদের চিকিৎসার জন্য চীন ভ্রমণ সহজ করতে চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।
বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ যাতে দক্ষিণ চীনের এ শহরের হাসপাতালগুলোয় চিকিৎসা নিতে পারে সেজন্যই এ পরিকল্পনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কর্মকর্তারা শনিবার (২৯ মার্চ) চীন সফররত বাংলাদেশ প্রতিনিধি দলকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে আজাদ মজুমদার জানিয়েছেন।
চীন এরই মধ্যে বাংলাদেশী রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। তবে চীন ভ্রমণের ক্ষেত্রে উচ্চ ভাড়াকে এ উদ্যোগের একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে ফ্লাইট পরিচালিত হলে ভ্রমণ খরচ ও সময় কমে আসবে। ফলে চীনের স্বাস্থ্যসেবার সুবিধা নিতে পারবে আরো বেশি বাংলাদেশী।
এ বিষয়ে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, ‘কুনমিংয়ের হাসপাতালগুলোর নির্দিষ্ট ফ্লোর শুধু বাংলাদেশীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। এসব হাসপাতালে চিকিৎসা খরচও তুলনামূলক কম।’
এদিকে কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা-কুনমিং ফ্লাইটের ভাড়া কমানোরও উদ্যোগ নিয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরো বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করা হবে।
চীনের চিকিৎসা সুবিধাগুলো স্বচক্ষে দেখার সুযোগ করে দিতে আগামী মাসে বাংলাদেশের সাংবাদিকদের একটি দল কুনমিং যাবে। এর আগে গত মাসে প্রথমবারের মতো বাংলাদেশীদের একটি দল চিকিৎসার জন্য কুনমিং যায়। তারা হাসপাতালগুলোর মানের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে অনেকেই ভ্রমণ ব্যয় বেশি বলে জানিয়েছেন।
-B










