ফ্লাইট বিলম্বে হাতাহাতি- চিকিৎসকসহ আটক ২ যাত্রী

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের ফ্লাইট বিলম্ব হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি ও ডেস্ক ভাঙচুর করার অভিযোগে চিকিৎসকসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ ডিসেম্বর) সকালে সকালে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক দুই যাত্রীর মধ্যে একজনের নাম শরিফুল ইসলাম। তিনি পেশায় চিকিৎসক বলে জানা গেছে। অপর যাত্রীর পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নভোএয়ারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) ও সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ।
উচ্চপদস্থ কর্মকর্তাটি বলেন, বিমান বাহিনীর মহড়া ও ঘন কুয়াশার কারনে নভোএয়ারের সকাল ৯টা ৩০ মিনিটের ফ্লাইটটি ছাড়তে দেরি হয়। ফ্লাইট বিলম্ব হওয়ায় দুই যাত্রী কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা নভোএয়ারের ডেস্কে ধাক্কা দিলে ডেস্কে থাকা জিনিসপত্র ভেঙে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের হেফাজতে নেন।
নভোএয়ার কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা সকাল থেকেই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিলেন। পরে যাত্রীদের জানানো হয়, আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ফ্লাইট বিলম্বিত হবে। এরই মধ্যে অন্য একটি সংস্থার উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এতে নভোএয়ারের যাত্রীরা উত্তেজিত হয়ে জানতে চান, অন্য উড়োজাহাজ চলাচল করলে নভোএয়ার চলছে না কেন? এ নিয়ে কথা-কাটাকাটির জেরে নভোএয়ারের কর্মচারীদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ কয়েক যাত্রী লাউঞ্জে নভোএয়ারের ডেস্ক ভাঙচুর করেন। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
-B










