ককপিটের জানালায় ফাটল, জাপানে বোয়িংয়ের জরুরি অবতরণ

টোকিও: জাপানে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি অভ্যন্তরীণ ফ্লাইট জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি) ওই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ককপিটের জানালায় ফাটল দেখা যাওয়ায় গন্তব্য থেকে সরে আসে।
ফ্লাইটটি জাপানের তোয়ামা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু ককপিটের জানালার চার স্তরের বাইরের অংশে ফাটল দৃশ্যমান হওয়ায় সাপ্পোরো-নিউ চিটোস বিমানবন্দরে নেমে আসে।
এয়ারলাইনের এক মুখপাত্র আরো জানান, ৫৯ জন যাত্রী ও ছয় কর্মীর সবাই ভালো আছেন। কোনো ধরনের আঘাতের খবর পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ফ্লাইটের নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে এমন কিছু ওই ফাটলে ছিল না। তারপর সতর্কতা ব্যবস্থা হিসেবে অবতরণ করা হয়।
এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যার সঙ্গে এভিয়েশন জায়ান্ট বোয়িং জড়িত রয়েছে।
সপ্তাহ খানেক মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটের দরজা খুলে পড়ে যায়। বোয়িং ৭৩৭-৯ ফ্লাইটটি ১৭৪ জন যাত্রী ও ছয় কর্মী নিয়ে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর আগে এটি ১৬ হাজার ফুট উপরে উঠেছিল। তারপর থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপক সংখ্যক বোয়িং উড়োজাহাজ বসিয়ে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে উড়োজাহাজগুলোতে কিছু ত্রুটি পাওয়া গেছে।
অতীতে বিশ্বব্যাপী বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট বসিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে। ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় একটি দুর্ঘটনায় ১৮৯ জন এবং এর পাঁচ মাস পর ইথিওপিয়ায় অন্য একটি দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হন। এরপর প্রায় দুই বছর এ ধরনের আকাশযানকে উড়তে দেয়া হয়নি।
-B










