কর্ণেল (অব.) ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করেন।
এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে ফারুক খানকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়ী হয়ে এমপি হয়েছেন ফারুক খান।
১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় সেরাজুল করিম খান এবং মা খালেদা করিম খানের ঘরে জন্মগ্রহণ করেন ফারুক খান। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন।
সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফারুক খান। তিনি এর আগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
-B










