ফেব্রুয়ারিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেসের পর চালু হয়েছে দ্বিতীয় ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। এবার এই দুটি ট্রেন তাল মিলিয়ে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও চালু হচ্ছে কমিউটার ট্রেন। নব-নির্মিত এই রেলপথে প্রতিদিনই দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন নব-নির্মিত দোহাজারি-কক্সবাজার রেলপথ ও আইকনিক রেলস্টেশন। এরপর পহেলা ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রা করে প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বাড়ে কয়েকগুণে। তাই একমাস পরই ১০ জানুয়ারি এই রুটে যুক্ত হয়েছে আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, স্থানীয়দের চাহিদার কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে আগামী মাসেই কমিউটার ট্রেন চালু করার সম্ভাবনা রয়েছে। ফলে স্থানীয় যাত্রীদের চাহিদা পূরণ হবে।
তিনি আরও বলেন, এতে করে যাত্রীরা কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশনে হয়ে চট্টগ্রাম যেতে পারবে। আর কক্সবাজার আসতে পারবে। কমিউটার ট্রেনটি প্রতিদিনই দু’বার করে যাতায়াত করবে।
-B










