হজে এবারও করোনা টিকা বাধ্যতামূলক
এবছরও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।
২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কিনা তা নিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ইমেইলে প্রশ্ন করেছিল আমিরাতভিত্তিক একটি সংবাদমাধ্যম। জবাবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের টুইটবার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনো আবেদনকারী যদি তা না করেন— তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে খরচ ধরা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। উভয় প্যাকেজের সঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ। যদিও পরে সরকারি এবং বেসরকারি দুই প্যাকেজেই ১১ হাজার টাকা করে কমানো হয়।
এদিকে আগামী ২১ মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত পৌনে ৪টায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।
-B










