মোখা দেখতে 'কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়িতে। থেমে থেমে নামছে বৃষ্টি। উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে সতর্কবার্তা। কুয়াকাটা উপকূলে চলছে ৮ নম্বর বিপদ সংকেত। তবে এগুলো উপেক্ষা করে বেশকিছু পর্যটক পরিবার-পরিজন নিয়ে মোখার প্রভাব দেখতে ভিড় জমিয়েছেন কুয়াকাটা সৈকতে।
ট্যুরিস্ট পুলিশ সদস্যরা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন সৈকত থেকে পর্যটক সরাতে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার মাইকে সতর্ক করা হচ্ছে। এর পরও সৈকতের বিভিন্ন পয়েন্টে উৎসুক পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের অনুরোধে হোটেলে ফিরে গেলেও রবিবার (১৪ মে ) সকাল সকাল আবার ভিড় জমান সৈকতে। কেউ কেউ ফেসবুকে লাইভ করছেন। অনেকে প্রিয়জনদের নিয়ে সেলফি তোলায় ব্যস্ত। কেউ আবার সমুদ্র পাড়ে হাঁটছেন।
কেউ কেউ বলেন, ‘মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি সৈকতে বসে। এই প্রথম সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়া উপভোগ করছি।’ দুর্যোগপূর্ণ আবহাওয়া জানার পরও পরিবার ছেড়ে দূরে অবস্থান প্রসঙ্গে তারা বলেন,‘ঝড়ে কেমন থাকে সমুদ্র, সেই পরিবেশ দেখার জন্যই কুয়াকাটায় আসা।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ঘূর্ণিঝড় মোখা মেকাবিলায় আমরা সর্বদা পর্যটকদের সতর্কবার্তা পৌঁছে দিচ্ছি। নিরাপদে চলে যাওয়ার জন্য আমরা বারবার অনুরোধ করছি। কখনও কখনও তাদের ভয়াবহতা বুঝানোর চেষ্টা করছি। তবু অতি উৎসাহী কিছু পর্যটককে কোনোভাবেই হোটেলে পাঠানো যাচ্ছে না। পাশাপাশি ট্যুরিস্টদের নিরাপত্তা প্রদানে বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়।
-B










