ঘূর্ণিঝড়: বন্ধ হল দেশের ৩ বিমানবন্দর

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আরও ঘনীভূত হয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, আজ সোমবার (২৪ অক্টোবর)রাতে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এমন পরিস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, ঘুর্নিঝড় সিতরাং এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকুলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর (শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর) এর উড্ডয়ন এবং সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে উড্ডয়ন / অবতরণ কার্যক্রম আজ ২৪/১০/২০২২ তারিখ বিকাল ৩:০০ টা হতে ২৫/১০/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় নোটাম (Notam) জারি করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তিতে উড্ডয়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বেবিচক সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে দেশের বিমানবন্দরের এপ্রোন এলাকার হালকা যন্ত্রপাতি সরিয়ে রাখা হচ্ছে। এয়ারলাইনগুলোকেও তাদের যন্ত্রপাতি নিরপদ স্থানে রাখতে বলা হয়েছে। যাতে ঝড়ে কোনও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত না হয়।
-B










