শাহজালালে আবারও ক্ষতিগ্রস্ত বিমান : দুবাই ফ্লাইট বাতিল

ঢাকার হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি উড়োজাহাজের মধ্যে ধাক্কার ঘটযায় দু’টি এয়ারক্র্যাফটের ব্যাপক ক্ষতি হওয়ায় গতকাল ১০ এপ্রিল রাত সোয়া ৮টার দুবাইগামী ফ্লাইট (বোয়িং-৭৭৭) কর্তৃপক্ষ বাতিল করে।
বর্তমানে এই দু’টি উড়োজাহাজ সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট চারটি এয়ারক্র্যাফট গ্রাউন্ডেড রয়েছে। এতে বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, বিমানের হ্যাংগারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (বোয়িং-৭৭৭) আগে থেকেই দাঁড় করানো ছিল। এ সময় প্রকৌশলীরা রিপেয়ারিং করা অপর এয়ারক্র্যাফট (বোয়িং-৭৭৭) ইঞ্জিন স্টার্ট দিয়ে পেছনের দিক দিয়ে হ্যাংগারে ঢুকানোর সময় (বোয়িং-৭৭৭) এর সামনের অংশে (নোজ) আঘাত লাগে। এতে আঘাত করা এয়ারক্র্যাফট বোয়িং-৭৩৭ এর পেছনের অংশের ক্ষতি হয়।
ঘটনাটি সম্পর্কে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) এ আর এম কায়সার জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলার মুখপাত্র নন বলে বাংলাদেশ মনিটরকে জানান। তিনি এ বিষয়ে কথা বলতে বিমানের মুখপাত্র'র সাথে কথা বলার জন্য বলেন।
এই প্রতিবেদক সংশ্লিষ্ট মুখপাত্র উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।
বিমানবন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, দু’টি এয়ারক্র্যাফটের ধাক্কায় ক্ষতি হয়েছে। যার কারণে রাতের দুবাই যাওয়ার ফ্লাইটটি বাতিল করে সেটি সোমবার বেলা ১১টায় শিডিউল তৈরি করা হয়েছে।
এ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বার্ড হিটের কারণে আগেই ড্রিমলাইনার (৭৮৭-৮০০) তিন সপ্তাহ ধরে গ্রাউন্ডেড হয়ে আছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ড্যাশ-৮০০ একটি গ্রাউন্ডেড হয়ে আছে। গতকালের দুই বিমানের ধাক্কায় দু’টিসহ মোট চারটি উড়োজাহাজ গ্রাউন্ডেড হলো।
-Biplob










