২০২৩ সালে মুনাফা দ্বিগুণ হওয়ার আশা ডেল্টার
উড়োজাহাজ ভ্রমণের তুমুল চাহিদা এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছে ডেল্টা এয়ারলাইনস। মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি আশা করছে, আগামী বছর সামঞ্জস্য মুনাফা দ্বিগুণ হয়ে শেয়ারপ্রতি ৬ ডলারে উন্নীত হবে। পাশাপাশি আয় চলতি বছরের চেয়ে ১৫-২০ শতাংশ বাড়ারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
খবরে বলা হয়েছে, আগামী বছর আয়ের পরিমাণ ৪ হাজার ৫০৫ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করছে ডেল্টা এয়ারলাইনস। পাশাপাশি সংস্থাটির নগদপ্রবাহ আগামী বছর ২০০ কোটি এবং ২০২৪ সালে ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এটিকে ২০২০ সালে রেকর্ড লোকসান কাটিয়ে সংস্থাটির শক্তিশালী পুনরুদ্ধার হিসেবে দেখা হচ্ছে। মুনাফা বাড়ায় সংস্থাটি আগামী দুই বছরে আরো বেশি ঋণ পরিশোধেরও পরিকল্পনা করছে।
সাম্প্রতিক সময়ে ডেল্টাসহ অন্যান্য এয়ারলাইনসের নির্বাহীরা ভ্রমণ চাহিদা পুনরুদ্ধার নিয়ে বেশ আশাবাদী বক্তব্য তুলে ধরেছেন। যদিও বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হওয়ায় ভ্রমণের চাহিদা নিম্নমুখী হওয়ার শঙ্কা রয়েছে।
ডেল্টার প্রধান নির্বাহী অ্যাড বাস্তিয়ান একটি সাক্ষাত্কারে বলেন, ‘আমরা অর্থনৈতিক মন্দা নিয়ে সতর্ক রয়েছি। তবে ভোক্তারা এখনো তাদের ব্যয়কে অগ্রাধিকার দিচ্ছে। এখনো তারা পছন্দের জায়গাগুলোয় ব্যয় অব্যাহত রেখেছে।’
চলতি বছরের শেষ তিন মাসের মুনাফার পূর্বাভাসও বাড়িয়েছে ডেল্টা। সংস্থাটি এখন আশা করছে শেয়ারপ্রতি মুনাফা হবে ১ ডলার ৩৫ সেন্ট থেকে ১ ডলার ৪০ সেন্ট। যদিও এর আগে সংস্থাটি শেয়ারপ্রতি ১ ডলার থেকে ১ দশমিক ২৫ ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিল। চতুর্থ প্রান্তিকের আয় ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৭-৮ শতাংশ বেশি হবে বলেও আশা করা হচ্ছে।
কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিপর্যস্ত অবস্থা কাটিয়ে চলতি বছর মার্কিন এয়ারলাইনস খাত মুনাফায় ফিরেছে। উড়োজাহাজ ভ্রমণের তীব্র চাহিদা এবং উচ্চ ভাড়া সংস্থাগুলোকে মুনাফা পেতে সহায়তা করছে।
-B










