ঘন কুয়াশা- ফ্লাইট গেল কলকাতা-চট্টগ্রাম
সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা। কুয়াশায় ঢেকে থাকার ফলে দৃশ্যমানতাও কমেছিল। কুয়াশার কারণে প্রভাব পড়ে উড়োজাহাজ চলাচলেও। ফলে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কোনও উড়োজাহাজ ওড়েনি বা নামেনি হযরত শাহজালাল বিমানবন্দরে।
সকাল ১০টার সময়েও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছিল যানবাহনগুলোকে। একটু দূরের কোন কিছুও দৃশ্যমান হচ্ছিল না।
বহুতল ভবনগুলোকে মনে হচ্ছিল মেঘে ঢাকা আবছা কোন বস্তু।
ভোর থেকে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার বাংলাদেশ মনিটরকে বলেন, ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটের (সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট) ফ্লাইটগুলি দেরিতে ছেড়ে যায়।
একটি সূত্রমতে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি চারটি ফ্লাইট। দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর থেকেই ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। কুয়াশা খানিকটা কমে যাওয়ার পর ফ্লাইট উঠানামা শুরু হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ের (দৃশ্যমানতা) কম থাকায় চারটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। সকাল ১১ টা থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আটকে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সাড়ে ৭টার ফ্লাইটটি প্রায় আড়াই ঘণ্টা আকাশে চক্কর মেরে সোয়া ১০টায় অবতরণ করে। এছাড়াও সকালের ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহা ও শারজাহ থেকে ঢাকাগামী দুইটি ফ্লাইট এবং আবুধাবি থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবতরণে ব্যর্থ হওয়ায় সেগুলোকে কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়। পরে ফ্লাইটগুলো সেখানে নিরাপদে অবতরণ করে।
এছাড়া ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় না নেমে চট্টগ্রামে অবতরণ করে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স, ভিস্তারা এয়ারলাইন্স ও গালফ এয়ারসহ বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে। একই কারণে ঢাকা থেকে প্রায় ডজনখানেক ফ্লাইট উড্ডয়ন সময়মত করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশা কমে যাওয়ার পর আকাশে থাকা ফ্লাইটগুলোকে আগে অবতরণের সুযোগ দেওয়া হয়। জমে থাকা ফ্লাইটগুলো অবতরণ করলেই ফ্লাইটগুলোর উড্ডয়ন শুরু হয় ।
-B










