সৈয়দপুরে ঘন কুয়াশায় ফ্লাইট চলাচলে শিডিউল বিপর্যয়

নীলফামারী: ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুর। সেইসঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে।ফলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলে সকাল ও রাতে শিডিউল বিপর্যয় ঘটছে।
তীব্র কুয়াশা ও ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) একেবারে শূন্য মিটারে নামায় সোমবার (৯ ডিসেম্বর) রাতের দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি। এ পরিস্থিতিতে যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে রাত কাটাতে হয়, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ফ্লাইট চলাচলের জন্য ২০০০ মিটার ভিজিবিলিটি থাকার কথা থাকলেও এখন রয়েছে মাত্র ১০০ মিটার। ফলে সকালের দুটি ফ্লাইট এখনো ঢাকা থেকে ছেড়ে আসেনি বলেও তিনি জানান ।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হঠাৎ সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি শূন্যে নেমে আসায় সোমবার রাতে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
সূত্র জানায়, শীতকালে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চলাচল করা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। মঙ্গলবার সকালের এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ফ্লাইট এখনো ঢাকা থেকে ছেড়ে আসেনি সৈয়দপুরে তীব্র কুয়াশা ও ভিজিবিলিটি র কারণে।
-B










