দূর থেকে স্পর্শের অনুভূতি দেবে যন্ত্র

লন্ডন: শিগগিরই হাজার হাজার মাইল দূরে থাকা প্রিয়জনের হাত ধরে রাখতে পারবেন, এমনই এক যন্ত্র আবিষ্কারে কাজ করছেন বিজ্ঞানীরা। নতুন এই যন্ত্রের মাধ্যমে প্রিয়জনের হাত ধরার অনুভূতি পাওয়া যাবে দূর থেকেই।
বিজ্ঞানীরা আঙুলের স্পর্শের অনুভূতি দেয়, এমন এক যন্ত্রের নকশা করেছেন। এটি স্পর্শের বাস্তব অনুভূতি দিতে পারবে হাজার মাইল দূর থেকেও। মানবদেহের অন্যতম জটিল অনুভূতি স্পর্শকে প্রযুক্তির গণ্ডিতে অনেক দিন ধরেই আনার চেষ্টা চলছে। সেই গবেষণার অংশ হিসেবে নতুন এক যন্ত্র তৈরি করা হচ্ছে। কৌশলে গতি ও শক্তির কম্পন ব্যবহার করে মানুষের আঙুলের চারটি স্পর্শ রিসেপ্টর বা সংবেদনশীল প্রোটিনের অনুকরণে কাজ করবে এটি। এই প্রযুক্তি ব্যবহার করে একটি গ্লাভস বা যান্ত্রিক হাতমোজা তৈরি করতে চান বিজ্ঞানীরা। এটি দূরবর্তী সামাজিক মিথস্ক্রিয়া ও হাত ধরার মতো অনুভূতি তৈরি করতে সক্ষম হবে।
বাস্তব জীবনের সংবেদনশীলতার মতো প্রাকৃতিক স্পর্শকে অনুকরণ করতে পারে এই যন্ত্র। যন্ত্রটি স্নায়ু কোষকে উদ্দীপিত করার মধ্য দিয়ে কাজ করে।
প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নেচার কমিউনিকেশন জার্নালে একটি গবেষণা প্রকাশ হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কেউ যুক্তরাজ্যের লন্ডন থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা কোনো একজনের হাত ধরার অনুভূতি পেতে সক্ষম হবেন।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এই যন্ত্র হাতের স্পর্শহীন সমস্যা মেটাকারপাল টানেল সিনড্রোম বা ডায়াবেটিস জটিলতায় একটি ডায়াগনস্টিক টুল হিসেবে কাজ করতে পারে। দূরবর্তী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করা যেতে পারে। সার্জনরা সুস্থ ও ক্যানসারযুক্ত টিস্যুর মধ্যে পার্থক্য বুঝতে যন্ত্রটি ব্যবহার করতে পারেন।
-B










