স্পট চেকিং ও অডিট বাড়াতে ডি জি সি এ' কে কড়া বার্তা কেন্দ্রের

এয়ারলাইন্সগুলিকে উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিমান চালনার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থা ডি জি সি এ কে নির্দেশ দিয়েছে ভারত সরকার।
এর জন্য আরও বেশি করে অভ্যন্তরীণ নজরদারি প্রয়োজন, বলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। সংসদে এই বার্তা দেন তিনি।
সমস্ত বেস এবং ট্রানজিট স্টেশনগুলিতে জোর দিতে হবে। সেখানে ইঞ্জিনিয়ারিং-সম্পর্কিত ক্ষমতা বাড়ানো দরকার। ভারতীয় যাত্রীবাহি উড়োজাহাজ সংস্থাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিল কেন্দ্র সরকার। সাম্প্রতিক কয়েক সপ্তাহে দেশে উড়োজাহাজের ক্ষেত্রে একাধিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত বলে জানালেন মন্ত্রী।
ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলি গত ৩০ জুন ২০২২ পর্যন্ত বছরে ৪৭৮টি প্রযুক্তিগত ত্রুটির ঘটনা রিপোর্ট করেছে।
কিন্তু গত কয়েক সপ্তাহের মধ্যেই পর পর বেশ কিছু ঘটনা দেশের নজর কেড়েছে। মাঝ আকাশে নিরাপত্তার ঝুঁকির মতো ঘটনা হয়েছে। আর সেই কারণেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। বিমান চলাচল নিয়ন্ত্রকরা চান, আরও বেশি করে বিশেষ স্পট চেকিং এবং নিরাপত্তা অডিট বাড়াতে।
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু স্পাইসজেট লিমিটেড। গত কয়েক সপ্তাহে যান্ত্রিক ত্রুটি, খারাপ আবহাওয়া বা পাখির আঘাতের কারণে তাদের ফ্লাইট পরিচালনায় একাধিক বাধা এসেছে। এমনটাই বলেন ভি কে সিং।
গত বৃহস্পতিবার, একটি স্পাইসজেটের বিমান মুম্বইয়ের রানওয়েতে টেক-অফের সময়ে সমস্যায় পড়ে। বাতিল হয় টেক অফ।
১৯ জুন থেকে স্পাইসজেটের অন্তত আটটি প্রযুক্তিগত ত্রুটির কথা জানা যায়। তারপরেই শো-কজের নোটিশ জারি করা হয়েছিল। গত মাসে, চিনে যাওয়ার পথে একটি স্পাইসজেট মালবাহী বিমান কলকাতায় ফিরে আসে। বিমানচালকরা মাঝ উড়ানে বুঝতে দেখেন যে, আবহাওয়ার রাডার কাজ করছে না।
একইভাবে, জ্বালানি সূচকে ত্রুটির কারণে দিল্লি-দুবাইয়ের একটি উড়ান করাচিতে নামানো হয়। এছাড়াও, মধ্যপ্রদেশের জবলপুরগামী একটি স্পাইসজেটের কেবিনে ধোঁয়া দেখা যায়।
গত ২ মে থেকে ৬ জুনের মধ্যে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন মোট ৩০০টি ফ্লাইটে বিশেষ নিরাপত্তা পরীক্ষা করেছে। এর মধ্যে স্পাইসজেটেরই ছিল ৬২টি।
ডিজিসিএ গত ৯ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে আরও ৪৮টি স্পাইসজেট ফ্লাইটে চেকিং করেছে।
এই চেকিং প্রক্রিয়ায় যদিও কোনও উল্লেখযোগ্য সুরক্ষা লঙ্ঘন মেলেনি। তবে, ডিজিসিএ ১০টি ফ্লাইটের ব্যবহার সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেয়। বলা হয়, যতক্ষণ না সংস্থা সমস্ত ত্রুটি সংশোধন করছে, এগুলি ততক্ষন ওড়ানো যাবে না।
এদিকে, স্পাইসজেট ২ আগস্ট জানায় যে, তারা ডিজিসিএ-এর যে কোনও উদ্বেগের সমাধান করতে প্রস্তুত। এ বিষয়ে 'আত্মবিশ্বাসী' তারা।
-B










