১ জুলাই থেকে রাত ৮টায় বন্ধ হচ্ছে ঢাকা শহর

পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, কিন্তু ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধ করার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
অবশ্য রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১ জুলাই থেকে কঠোর বাস্তবায়নে যাব। ঢাকা শহরে যেকোনো ইমারত নির্মাণ করলে অবশ্যই সেখানে সোক-ওয়েল থাকতে হবে, সেফটিক ট্যাংক থাকতে হবে। এটা আবশ্যকীয়। এটার আইন আছে। আমরা সেই আইনের কঠোর বাস্তবায়নে যাব।’
সেমিনারে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের টিম লিডার ড. আইনুন নিশাত জাতীয় অভিযোজন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
বিআইপি'র সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জিআইজেড বাংলাদেশের অ্যাডাপটেশন অব আরবান এরিয়াস টু ক্লাইমেট চেইঞ্জ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ডানা দে লা ফনটেইন বক্তব্য দেন।
অনুষ্ঠানে অঞ্চল ও নগর পরিকল্পনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর প্রকাশনা উন্মোচন এবং অঞ্চল ও নগর পরিকল্পনা বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ এর ঘোষণা দেয়া হয়।
-B










