ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে

বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকার নাম। সম্প্রতি দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষে অবস্থান করছে ঢাকা।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩২১ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি। সেখানকার বায়ুর মানও ‘ খুবই অস্বাস্থ্যকর’। এর আগে গতকাল রোববার (১০ ডিসেম্বর) সকালেও রাজধানী ঢাকা দূষণ তালিকায় ১ নম্বরে ছিল।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।
-B










