ঘন কুয়াশায় প্রায়ই বন্ধ হচ্ছে ঢাকার আকাশপথ

ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন থেকেই ৪ থেকে ৬ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
মধ্যরাত থেকে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারছেনা । রবিবার(১ জানুয়ারী)ফ্লাইট চলাচল বন্ধ ছিল ৪ ঘণ্টা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে ব্যাপক কুয়াশা থাকায় ঝুঁকি এড়াতে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা আরেকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে পাঠানো হয়। কলকাতা ও ইয়াঙ্গুনে তিনটি ফ্লাইটই নিরাপদে অবতরণ করে।
বুধবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত আড়াইটা থেকে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। দীর্ঘ ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু করে। কুয়াশাচ্ছন্ন থাকা অবস্থায় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, মধ্যরাতে ও ভোরে ৯টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট, চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। তবে সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে অবতরণ করা শুরু করে।
কুয়াশার কারণে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্স, কুয়েতের জাজিরা এয়ারওয়েজ এবং কুয়ালালামপুর থেকে আসা একাধিক ফ্লাইট কলকাতায় পাঠানো হয়।
এছাড়া কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। তাছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার কুয়াশার আগাম সংবাদ পেয়ে ভারতের হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ফ্লাইট চলাচল বন্ধ ছিল। রবিবার(১ জানুয়ারী)দুপুর ১টায় পরিস্থিতির উন্নতি হয়। ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে অবতরণ ও উড্ডয়ন করানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াঞ্জু ও কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়। তাদের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি যায় সিলেটে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, এয়ার অ্যারাবিয়া, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট আকাশে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে অর্ধশতাধিক ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রানওয়ে খোলার পর পর ফ্লাইট অবতরণের বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইটগুলোর জট দেখা যায়।
-Biplob










