আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে বিমানের ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে ব্যবহার করতে উন্নয়নকাজ করা চলছে। ইতোমধ্যে রানওয়ে বড় করাসহ আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন টার্মিনাল ভবনের কাজ চলমান আছে। আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে বিমানের ফ্লাইট যাবে।
শুক্রবার (১২ আগস্ট) সিলেট বিমানবন্দরের কনফারেন্স হলে ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এ কথা বলেন । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে এমন গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বাস্তবে এর কোন ভিত্তি নেই ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
-B










