কাল থেকে সিলেট-শারজাহ রুটে বিমানের সরাসরি ফ্লাইট

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব আমিরাতের শারজাহে আগামীকাল ১ নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে বিমানের ৭৩৭ মডেলের বিজি-২৫১ ফ্লাইটটি ১৬৪ জন যাত্রী নিয়ে আরব আমিরাতের শারজাহের উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
অপরদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল ১নভেম্বর মঙ্গলবার বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ০৮:৪৫ টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত ০৯.৩০ টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০:৩০টায় শারজাহ্-এর উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি শারজাহ্ পৌঁছাবে ০২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ০২:০০ টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত ০৩:৩০ টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০:১৫ টায়, এরপর সিলেট থেকে সকাল ১১:০০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:৪০ টায়।
ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়।
এদিকে, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ মনিটরকে বলেন, ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে শারজাহ অভিমুখী বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এ ফ্লাইট চালুর ফলে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। পর্যটকদের জন্যও এটি বড় সুখবর। ওসমানী বিমানবন্দরের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে বলেও জানান তিনি।
-B










