রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট শুরু

রাজশাহী থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।
বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে এ রুটে ফ্লাইট চলাচল শুরু করেছে। সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি বিমান যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে আকাশে ডানা মেলে।
এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে এ রুটে ফ্লাইট চলাচলের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু সহ সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সী এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এ রুটের প্রথম যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য,মেয়র খায়রুজ্জামান লিটনের প্রস্তাবে সাড়া দিয়ে ভ্রমণপিপাসুদের জন্য রাজশাহী-কক্সবাজার ফ্লাইট চলাচল শুরু করল নভোএয়ার।
উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি ফ্লাইট রাজশাহী থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে দুপুর ১২টায়। আবার কক্সবাজার থেকে প্রতি সপ্তাহের রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে একটি ফ্লাইট ছেড়ে রাজশাহী এসে পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে।
এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে।
এই অফারে দুজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের সাতটি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলো হলো-দা কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস। অফারটি কত দিন চলবে তা জানানো হয়নি।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যের কলকাতা ফ্লাইট পরিচালনা করছে। নতুন রুট যুক্ত হলো রাজশাহী-কক্সবাজার। এ রুটে ফ্লাইট চলাচলের কারণে ভ্রমণপিপাসুরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com
Biplob










