ঢাকা-মুম্বাই রুটে ভিস্তারার সরাসরি ফ্লাইট শুরু

ঢাকা থেকে স্বপ্নের শহর খ্যাত ভারতের মুম্বাই সরাসরি ফ্লাইট চালু করেছে ভারতীয় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ভিস্তারা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ১৪৭ যাত্রী নিয়ে বেলা ১২টায় মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ে ভিস্তারার এয়ারবাস A-320 neo উড়োজাহাজটি।
এর আগে ৫১ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনে ঢাকা-মুম্বাই ফ্লাইট শুরুর আগে ফিতা ও কেক কেটে সকালে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন এয়ারলাইন্স'র ঢাকা অফিসের ম্যানেজার মরগ্যান ডি সুজা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১৬৪ আসনের এয়ারবাস -A-320 neo এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বৃহস্পতিবার দুইটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। এ দুইদিন স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভিস্তারার ফ্লাইট ইউকে ১৮৩ মুম্বাই বিমানবন্দর ছাড়বে। ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
ফিরতি ফ্লাইট ইউকে ১৮৪ স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। মুম্বাই পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে।
উল্লেখ্য, সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড ও ভারতীয় টাটা কোম্পানির যৌথ এয়ারলাইন্স প্রতিষ্ঠান ভিস্তারা। বর্তমানে সংস্থাটি ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
-Biplob










