জেলা প্রশাসক সম্মেলন: পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ

ঢাকা: জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিল্প, কৃষি, বিমান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজিত বৈঠকে দেশের বিভিন্ন স্থানে পর্যটনের বিকাশ ঘটানোর ওপর জোর দেয়া হয়েছে।
সোমবার (৪ মার্চ) সম্মেলনের শুরুতেই বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন এবং তার আলোকে পর্যটন শিল্প বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সারাদেশে পর্যটন শিল্প বিকাশে প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও একজন সহকারী কমিশনারকে দায়িত্ব দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় ১৩টি জেলাকে চিহ্নিত করে কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা করেন তারা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যবইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক প্রকাশনা পাঠের সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।
দেশের বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও কর্মকাণ্ড তুলে ধরে একটি ‘মনীষী জাদুঘর’ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরার জন্য সমন্বিতভাবে পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।
-B










