মেরামতের জন্য সিঙ্গাপুর যাচ্ছে ড্রিমলাইনার!

বার্ড হিটের শিকার হয়ে ৩ সপ্তাহের বেশি সময় ধরে পড়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭-৮০০ উড়োজাহাজ ইঞ্জিনের উপরের অংশের ঢাকনা পরিবর্তনের জন্য ১২ এপ্রিল ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
প্রকৌশল বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানান, বার্ড হিটের কারণে বিমানের ইঞ্জিনের অভ্যন্তরে যে ক্ষতি হয়েছিল সেটির মেরামত সম্পন্ন হয়েছে। এখন ইঞ্জিনের উপরে যে ঢাকনা থাকে, সেটি পরিবর্তন করা জরুরি। আর এটি পরিবর্তনের জন্য আগামী ১২ এপ্রিল ড্রিমলাইনার এয়ারক্রাফটটি নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। ঢাকনা পরিবর্তন শেষে ১৪ এপ্রিল ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে।
বিমান বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) এ আর এম কায়সার জামান বাংলাদেশ মনিটরকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরো বলেন, কোন ফ্রেইটারে এটি আনা সম্ভব না হলে পাঠানোর বিকল্প থাকবে না।
বিষয়টি সম্পর্কে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি টেলিফোন রিসিভ করেননি।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ঢাকার হজরত শাহজালাল এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির উৎপাত আশঙ্কাজনকহারে বেড়েছে। এর ফলে প্রতিনিয়ত এই রুটে চলাচলকারী পাইলটদের উড়োজাহাজ উঠানামার সময় থাকতে হয় বড় বড় পাখি ‘আতঙ্কে’।
উড়োজাহাজগুলো যাতে বার্ড হিটের কবলে না পড়ে সেজন্য ঢাকাসহ দেশের প্রতিটি বিমানবন্দরে সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব বার্ড শুটার রয়েছে। কিন্তু তাদের কার্যক্রমের ওপর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মনিটরিং না থাকায় একের পর এক উড়োজাহাজ বার্ড হিটের কবলে পড়ছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
-Biplob










