উড়ন্ত উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা মাতাল যাত্রীর

উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে চল্লিশ বছর বয়সী এক মাতাল যাত্রীর বিরুদ্ধে পরপর তিনটি অভিযোগ উঠে এসেছে। তিনি সরাসরি চলন্ত বিমানের ইমার্জেন্সি দরজার ফ্ল্যাপ জোর করে খোলার চেষ্টা করেছিলেন। তবে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (৭ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটলেও ঘটনায় যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হয়নি।
জানা যায়, ওই যাত্রীর নাম আর প্রতীক। তিনি কানপুরের নিবাসী। উড়োজাহাজের ১৮-এফ সিটে তিনি বসেছিলেন। তিনি কার্যত মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ এসেছে। তিনি উড়োজাহাজের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করছিলেন এবং সবার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছিলেন।
এ অবস্থায় উড়োজাহাজটি ১০টা ৪৩ মিনিটে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়। এরপর তাকে সিআইএসেফের হাতে তুলে দেওয়া হয়। পরে বিমানবন্দরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে তার পরীক্ষা করা হয় আর তখনই নিশ্চিত করা হয় তিনি মদ্যপ অবস্থায় অবস্থান করছিলেন। তিনি একটি ই কমার্স ফার্মের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত।
ঘটনার কথা স্বীকার করে উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ইমার্জেন্সি দরজার ফ্ল্যাপ খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি জেনেই ক্রু মেম্বাররা ক্যাপ্টেনকে জানান।
ইন্ডিগো আরও জানায়, ইমার্জেন্সি দরজার ফ্ল্যাপ খুলে দেওয়া হলে সেটা উড়োজাহাজের সুরক্ষায় কোনো প্রভাব ফেলে না। কারণ উড়োজাহাজ চালু অবস্থায় সমস্ত দরজা প্রেশার লকড করা থাকে। ফলে ল্যান্ডিং না করা পর্যন্ত ইমার্জেন্সি দরজা খোলা সম্ভব নয়।
-B










