আগামী বছর এক্সপো সিটি মল চালু করবে দুবাই
২০২৪ সালের মধ্যেই এক্সপো সিটি মল চালুর ঘোষণা দিয়েছে দুবাই। ১৯০টিরও বেশি দোকান ও এফ অ্যান্ড বি আউটলেট নিয়ে উন্মুক্ত হবে মলটি। থাকবে ইমার দক্ষিণ প্রকল্পের অন্তর্ভুক্ত। টুইটার অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছে দুবাই মিডিয়া অফিস (ডিএমও)।
গ্রস লিজেবল এরিয়া (জিএলএ) অনুসারে, মলটির বিস্তৃতি হবে ৩ লাখ ৮৫ হাজার বর্গফুট। সে হিসেবে ইমারের সবচেয়ে ছোট মলগুলোর একটি হবে এটি। এর আগে এক্সপো সিটি দুবাই উন্মুক্ত করে দেয়া হয় ২০২২ সালের ১ অক্টোবর। ২ কোটি ৪০ লাখ পর্যটক আকর্ষণ করেছিল এক্সপো ২০২০ দুবাই। চালু ছিল ১ অক্টোবর ২০২১ সাল থেকে ৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত।
এক্সপো সিটি দুবাই অনেকটাই এক্সপো ২০২০ দুবাইয়ের মতো। দুবাই মেট্রোর মাধ্যমে পৌঁছানো যায় সেখানে। এখানে কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন নেই। অবশ্য সিটির বিশেষ কিছু আকর্ষণের জন্য নিজস্ব টিকিট ব্যবস্থা রয়েছে। টেকসই পরিবেশে প্রকল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে নিষিদ্ধ থাকবে গাড়ির ব্যবহার। তবে বিকল্প পরিবহন হিসেবে থাকবে স্কুটার ও বাইসাইকেল। প্লাস্টিকের ব্যবহারও সেখানে নিষিদ্ধ। বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানোর জন্য গ্রহণ করা হবে পদক্ষেপ। ভবনগুলোয় অনুসরণ করা হবে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড।
এক্সপো সিটি দুবাই প্রাথমিকভাবে এক্সপো ভ্যালি ও এক্সপো সেন্ট্রাল উদ্বোধন করে। নতুন আবাসিক উন্নয়ন পরিকল্পনায় বিনিয়োগকারীরা পাবেন বিশেষ সুবিধা। এক্সপো ২০২০ দুবাইতে বসবাসের সুবিধাও রাখা হবে। ১২ লাখ আমিরাতি দিরহাম থেকে দাম শুরু হবে। থাকবে টেকসই নির্মাণ ও পরিবেশবান্ধব নকশা। আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের (ইওয়াই) প্রতিবেদনে এক্সপো ২০২০ দুবাইকে মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাবি করা হয়েছে, এ পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে বাড়তি ৪ হাজার ২০০ কোটি ডলার যুক্ত করবে।
ওয়ার্ল্ড এক্সপো আয়োজন সফল ছিল। নতুন আয়োজনের মাধ্যমে আরো ২ কোটি ৪০ লাখ পর্যটক আকর্ষণের আশা করা হচ্ছে। আগামী দশকগুলোয় প্রতি বছর ৩৫ হাজার মানুষের চাকরির সংস্থান করবে এ উদ্যোগ, এমনটাই দাবি সংশ্লিষ্টদের।
-B










