দুবাই-বেঙ্গালুরু রুটে চালু হচ্ছে দ্বিতল উড়োজাহাজ

এখন ভারতের বেঙ্গালুরু থেকেও দ্বিতল উড়োজাহাজে উঠতে পারবেন যাত্রীরা। এর আগে এখানকার যাত্রীদের জন্য এমন সুযোগ ছিল না। কেবল মুম্বাই থেকে নিতে হতো এ উড়োজাহাজ পরিষেবা।
দ্বিতল এই উড়োজাহাজে রয়েছে একাধিক বিলাসবহুল পরিষেবা। রয়েছে যাত্রীদের শোয়ার ব্যবস্থা, গোসলের জায়গা ও স্পা। এর ভেতরে রয়েছে ওয়াইফাই পরিষেবাও।
আগামী ৩০ অক্টোবর থেকে দুবাই ও বেঙ্গালুরুর মধ্যে চালু হচ্ছে এ৩৮০ উড়োজাহাজ পরিষেবা। বিশ্বের সবচেয়ে বড় যাত্রিবাহী উড়োজাহাজ এটি।
প্রায় ৫১০ থেকে ৫৭৫ টনের কাছাকাছি ওজনের দ্বিতল এই উড়োজাহাজের দৈর্ঘ্য ৭৩ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। মাটি থেকে ৪৩ হাজার ১০০ ফুট উপরে উড়তে পারে উড়োজাহাজটি।
উন্নত প্রযুক্তি সম্পন্ন এই উড়োজাহাজটি বেঙ্গালুরু থেকে পরিচালনা করবে উড়োজাহাজ পরিবহণ সংস্থা এমিরেটস। এই মুহূর্তে বিশ্বজুড়ে ১১৮টি এ ধরনের উড়োজাহাজ চালু রয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পর্যন্ত চলবে এই উড়োজাহাজ।
-B










