দুবাইয়ে ৩ দিনব্যাপী বইমেলা শুরু কাল

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। তিন দিনব্যাপি বইমেলা শুরু হচ্ছে শুক্রবার (৪ নভেম্বর)।
ইতোমধ্যেই মেলার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।
প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত এই বইমেলা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলায় ঢাকা থেকে যোগ দিচ্ছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা। প্রবাসে অবস্থানরত কবি-সাহিত্যিকদের মানসম্মত বই যাচাই বাছাই করে মেলায় উপস্থাপনের জন্য জায়গা করে দেওয়া হচ্ছে।
আগামী ৪, ৫, ও ৬ নভেম্বর আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। এই বইমেলা নিয়ে বাংলাদেশের বইপাড়ায়ও শুরু হয়েছে তোড়জোড়।
মেলায় যেখানে ৫০টি স্টল বরাদ্দ রাখার কথা ছিল সেখানে চাহিদার কারণে স্টল সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭৩টি। মেলাটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে মেলার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈচিত্রতা নিয়ে আসার জন্য একটি সৃজনশীল টিম অবিরাম কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক আয়োজনকে মনমুগ্ধ করে তোলার জন্য বাংলাদেশি ও পশ্চিম বাংলার শিল্পীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
কনস্যুলেট সুত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য বইমেলা ছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।
এই দিন মেলায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
সার্বিক বিষয়ে কর্মকর্তারা বলেন, কনস্যুলেট প্রাঙ্গণে এই প্রথম তিন দিনব্যাপি বইমেলার আয়োজন করা হচ্ছে। বস্তুত, আমাদের উদ্দেশ্য মানসম্পন্ন লেখক তৈরি করা এবং পাঠক আগ্রহ সৃষ্টি করা। আমরা ইতোমধ্যে প্রবাসীদের থেকে সন্তোষজনক সাড়া পেয়েছি। বাংলাদেশ বইমেলা স্থায়ী প্রবর্ত্তন করা এবং আগামীতে এই মেলায় পরিসর আরও বাড়ানোর ও প্রতি বছর নভেম্বর করার পরিকল্পনা রয়েছে।
-B










