দুই শতাধিক ফ্লাইট বাতিল ইজিজেটের

দুই শতাধিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সাশ্রয়ী ক্যারিয়ার ইজিজেট। ফ্লাইট বিলম্বসহ অন্যান্য বিধিনিষেধের কারণে পরবর্তী ১০ দিনে ইজিজেটের এ ফ্লাইট বাতিল করা হবে। বিবৃতি অনুযায়ী, ফ্লাইট স্থগিতের সময়কাল ২৮ মে থেকে ৬ জুন।
কভিড-১৯ মহামারীতে সব থেকে বিপর্যস্ত হয় উড়োজাহাজ সংস্থাগুলো। কভিডের প্রাদুর্ভাব কিছুটা কমতেই বিধিনিষেধ শিথিল হতে শুরু করে। এর জের ধরে ব্যবসা পুনরুদ্ধারে নামে প্রতিষ্ঠানগুলো। তবে ব্যবসা পুনরুদ্ধারে নামতেই একের পর এক সমস্যার সম্মুখীন হয় ইজিজেট। বেশ কয়েকটি ব্রিটিশ বিমানবন্দরে কর্মী সংকট দেখা দেয়। অন্যদিকে তথ্যপ্রযুক্তির প্রতিবন্ধকতাও দেখা দেয় ইজিজেটের।
কর্মী সংকট এড়াতে এ৩১৯ উড়োজাহাজের ছয়টি আসন অপসারণ করেছে ইজিজেট। এক বিবৃতিতে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, ২৮ মে থেকে ৬ জুন পর্যন্ত লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে দৈনিক প্রায় ২৪টি ফ্লাইট বাতিল করবে প্রতিষ্ঠানটি। এছাড়া তথ্যপ্রযুক্তিগত সমস্যার কারণে সম্প্রতি প্রায় ২০০টি ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে ইজিজেট।
এ বিষয়ে ইজিজেট জানায়, বিলম্বিত নোটিসের জন্য আমরা দুঃখিত। অনেক যাত্রীই এই ফ্লাইটগুলোয় আগে থেকে বুকিং দিয়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি, এ ব্যস্ত সময় আস্থাশীল পরিষেবা দেয়া প্রয়োজন। যাত্রীদের এখন এ বিষয়ে অবগত করা হচ্ছে। তাদের দুটি সুযোগ দেয়া হয়েছে। যাত্রীরা চাইলে পরবর্তী ফ্লাইটের জন্য পুনরায় বুকিং করতে পারেন। অথবা অর্থ ফেরত চাইতে পারেন। নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন যাত্রীরা।
-B










